জাপানের সংবাদ

টোকিওতে বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত

জাপানে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে  টোকিওতে ‘বাংলাদেশ সেমিনার’ অনুষ্ঠিত

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে আজ (০৮ এপ্রিল) টোকিও বিগ সাইটে ‘Bangladesh seminar on EPA and augmenting textile, leather products exports’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জাপানে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির কৌশল ও সম্ভাবনা নিয়ে জাপানি বাণিজ্যিক বিশেষজ্ঞগণ বিস্তারিত আলোচনা করেন।

সেমিনারের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বলেন, “বাংলাদেশ বর্তমানে কেবল একটি উদীয়মান অর্থনীতি নয়, বরং টেকসই এবং উচ্চমানসম্পন্ন পণ্য উৎপাদনের এক বৈশ্বিক কেন্দ্র। জাপানি ভোক্তাদের গুণগত চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আমরা এখন কাস্টমাইজড ডিজাইনের পোশাক, উন্নত মানের চামড়াজাত পণ্য এবং পরিবেশবান্ধব বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন করছি। আমাদের তৈরি পোশাক কারখানাগুলো এখন বিশ্বের অন্যতম সেরা ‘গ্রিন ফ্যাক্টরি’ হিসেবে স্বীকৃত।”

রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, দু’দেশের মধ্যকার ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (EPA) দ্বিপাক্ষিক বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশের বিশাল উৎপাদন সক্ষমতা ও দক্ষ জনশক্তির সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, জাপানি ব্যবসায়ীরা বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে যুক্ত হলে উভয় দেশই লাভবান হবে।

এর আগে সকালে মেলা প্রাঙ্গণে ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী। মেলায় আগত দর্শনার্থীদের মাঝে এসময় বাংলাদেশি তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button